২০২৭ সালের এসএসসি পরীক্ষা ঐ বছরের ডিসেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার বিষয়সংখ্যা কমানো যায় কিনা, সে বিষয়েও আলোচনা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংশ্লিষ্টরা জানান, প্রশ্নের মান অক্ষুণ্ন রেখেই বিষয়সংখ্যা কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের চাপ কিছুটা কমবে বলে মনে করছেন তারা।
এর আগে দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।
