কুমিল্লায় খেলা অবস্থায় কুস্তি খেলোয়াড়ের মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

কুমিল্লার লালমাইয়ে কুস্তি খেলা অবস্থায় হেলাল উদ্দিন নামের এক কুস্তি খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসাসংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া হেলাল উদ্দিন মজুমদার (৫৩) পাশের লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আবুল কাশেমের ছেলে। স্থানীয় কোঁয়ার বাজারে তার একটি মুদিদোকান ছিল। এলাকায় তিনি ‘কুস্তিগির’ ও ‘বলী হেলাল’ নামে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তিরত অবস্থায় হেলাল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার নড়াচড়া বন্ধ হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে আয়োজক দলের সদস্যরা দ্রুত মাঠে নেমে খেলা বন্ধ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে খেলা শুরুর পর প্রতিপক্ষ খেলোয়াড় হেলাল উদ্দিনকে মাটিতে ফেলে দেন এবং এক পায়ে ধরে কিছু দূর টেনে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই তিনি নিস্তেজ হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে সোমবার থেকে কুস্তি টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। ঘটনার সময় মাঠে কয়েক শ দর্শক উপস্থিত ছিলেন।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, হেলাল উদ্দিন অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত