হাদি হত্যার মূল আসামি ফয়সাল-আলমগীর এখন দিল্লি

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) হেফাজতে দিয়েছে পশ্চিমবঙ্গের বিধাননগরের আদালত।

সোমবার (২৩ মার্চ) রাতের দিকে এনআইএ তাদের ট্রানজিট রিমান্ডে দিল্লিতে নিয়ে যায়, যেখানে পরে বিশেষ আদালতে তাদের হাজির করা হবে।

উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে এনআইএ ফয়সাল ও আলমগীরকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করলে আদালত তা অনুমোদন করে।

দিল্লিতে এনআইএর বিশেষ আদালতে তাদের হাজির করা হবে। আদালতের অনুমোদন পেলে সংস্থাটির গোয়েন্দারা তদন্তের প্রয়োজনে এ দুজনকে জিজ্ঞাসাবাদ করবে।

অন্যদিকে, হাদি হত্যা মামলার এ দুই আসামিকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ফিলিপ সাংমাকে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

গত ৮ মার্চ ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতারের পর পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের জন্য রিমান্ডে নিয়েছিল। রিমান্ড শেষে তাদের আদালতে আনা হলে ২২ মার্চ আদালত দুজনকে ১২ দিনের জন্য কারা হেফাজতে রাখার নির্দেশ দেন।

সেদিন আদালতে নেওয়ার পথে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল বলেন, আমি এই কাজ করিনি। এসব কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।

এ সময় সাংবাদিকেরা তাকে ফাঁসানো হয়েছে কি না জানতে চাইলে এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় গুলি করার পর পুলিশি তদন্তে নাম আসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিমের। যে মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, তাতে ফয়সাল ও আলমগীর ছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত