গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার তিন দিন পর বন্দী মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। রাত ৮টার দিকে কারাগারের ভেতরে তাকে খুঁজে না পেয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে একাধিকবার তল্লাশি চালায়। পরে তাকে না পেয়ে বিষয়টি নিশ্চিত হলে শুক্রবার বিকালে গাজীপুরের কোনাবাড়ী থানায় কারা কর্তৃপক্ষ মামলা করে।
কারা সূত্র জানায়, রিম্পার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকায়। ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।