সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে দুদকের অভিযান

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে এ তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি জানান, বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ টিম সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ২টি ফ্ল্যাটের ইনভেন্টরির (জিনিসপত্রের তালিকাকরণ) কাজ করছে। যার আনুমানিক মূল্য ১৮ কোটি টাকা।

গত ২ জুলাই দুদকের উপ-পরিচালক মশিউর স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা যায়, আদালতের আদেশে আজ রবিবার সাইফুজ্জামানের গুলশানের দুটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নেবে দুদক।

চিঠিতে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তির সম্পদ গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটের ৩ হাজার ৭৪৭ বর্গফুট আয়তনের এ-৭ নম্বর ফ্ল্যাট এবং ৩ হাজার ৮৩২ বর্গফুটের বি-৭ নম্বর ফ্ল্যাট দুটির সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার হিসেবে দুদকের প্রধান কার্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাইফুজ্জামান ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পটপরিবর্তনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত