ইরান যুদ্ধ অবসানে ‘আশার আলো’ দেখছে চীন

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ এএম

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত অবসানে ‘আশার আলো’ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তেহরান যদিও লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল, তবে চীনের ধারণা, আলোচনায় নতুন করে সুযোগ তৈরি হচ্ছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে আলোচনার ওপর গুরুত্ব দেন। দ্য স্ট্রেইটসম টাইমসের খবর অনুযায়ী, তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন ও তেহরান-উভয় পক্ষই আলোচনার টেবিলে ফেরার সংকেত দিচ্ছে।

এর আগে গত ২৫ মার্চ মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই আলোচনার আগ্রহ দেখানোয় শান্তির একটি ক্ষীণ আশা তৈরি হয়েছে।

চীনের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আলোচনার করা মানেই পরাজয় মেনে নেওয়া।

এদিকে হোয়াইট হাউস হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান যদি শান্তি পরিকল্পনা না মানে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ‘নরক’ নামিয়ে আনতে প্রস্তুত। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তারা এখন কোনো আলোচনায় বসবে না।

বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান আসলে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানি মধ্যস্থতাকারীরা নিজ দেশের মানুষের হাতে প্রাণ হারানোর ভয়ে এই আলোচনার কথা গোপন রাখছেন। ট্রাম্পের কথায়, তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মুখিয়ে আছে। কিন্তু তারা সেটি বলতে ভয় পাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, যুদ্ধ থামাতে তারা ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষের সঙ্গেই নিবিড় কূটনৈতিক যোগাযোগ রাখছেন। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে কেবল প্রাণহানি বাড়বে না, বরং সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত