উত্তর সাইপ্রাসের উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন। স্থানীয় তুর্কি প্রশাসনের প্রধানে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
স্বঘোষিত তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানান, রবিবার (৩০ আগস্ট) উপকূলীয় শহর কিরেনিয়া থেকে যাত্রা শুরুর পর ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে। ওই সময় ফেরিতে ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ফেরিটির ক্যাপ্টেন ও সাতজন ক্রু সদস্যকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন উস্তেল। তিনি বলেন, কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিতে থাকা অধিকাংশ মানুষকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এখনও ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
ফেরিটি ইতোমধ্যে পুরোপুরি ডুবে গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এর ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটিকে উস্তেল বলেন, ফেরিটি ডুবে যাওয়ার আগে পরপর দুটি বড় ঢেউয়ের আঘাতে পড়ে। প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিলেন ক্যাপ্টেন। এর মধ্যেই দ্বিতীয় ঢেউ আঘাত হানলে ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে এবং সেটি উল্টে যায়।
ঘটনাস্থলে হেলিকপ্টার ও কোস্টগার্ডের নৌযান পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য সৈকতে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
উস্তেল সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার মানুষের জীবন।’ ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী, উদ্ধারকারী দল ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।