বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অনুশীলনে ফুটবলারদের পায়ের কারিকুরির চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নতুন ‘লুক’। শুক্রবার লা বোম্বোনেরায় মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এজেইজা প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ ন্যাড়া মাথায় হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন লিভারপুলের এই মিডফিল্ডার।
নিজের নতুন এই রূপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ম্যাক অ্যালিস্টার ক্যাপশনে লিখেছেন, ‘যেমন বাপ, তেমন বেটা।’ মূলত তার বাবা কার্লোস হাভিয়ের ম্যাক অ্যালিস্টার খেলোয়াড় থাকাকালীন যেমন মাথায় চুল রাখতেন না, সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এই কাণ্ড করেছেন অ্যালেক্সিস। বাবার প্রতি ছেলের এই ভালোবাসা ভক্তদের নজর কেড়েছে।
ছবিটি পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়। লিভারপুলে তার সতীর্থ লুইস ডিয়াজ এবং হাঙ্গেরিয়ান তারকা ডমিনিক সোবোসলাই হাসির ইমোজি দিয়ে রসিকতা করেছেন। পিছিয়ে ছিলেন না পরিবারের সদস্যরাও। ম্যাক অ্যালিস্টারের ভাই ফ্রান্সিস মজা করে লিখেছেন, ‘দারুণ তো, ন্যাড়া!’
যার উদ্দেশ্যে এই পোস্ট, অর্থাৎ ম্যাক অ্যালিস্টারের বাবাও ছেলের কাণ্ড দেখে হাসির ইমোজি দিয়ে সাড়া দিয়েছেন। তবে সবচেয়ে রহস্যময় মন্তব্যটি এসেছে তার সঙ্গী আইলেন কোভার কাছ থেকে। তিনি লিখেছেন, ‘আচ্ছা, আচ্ছা...’—যা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা ব্যাখ্যা।
কৌতূহলের বিষয় হলো, ২৭ বছর বয়সী এই ফুটবলার এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে হেয়ার ইমপ্ল্যান্ট বা চুল প্রতিস্থাপন করতে চান। এমনকি বেশি চুলের জন্য পায়ের কনিষ্ঠ আঙুলও বিসর্জন দিতে রাজি বলে মজা করেছিলেন তিনি। সেই ম্যাক অ্যালিস্টারই বিশ্বকাপের আগমুহূর্তে হুট করে মাথা কামিয়ে ফেলবেন, তা কেউ ভাবেনি।
মজা-রসিকতা চললেও কোচ লিওনেল স্কালোনির জন্য ম্যাক অ্যালিস্টার দলের অপরিহার্য অংশ। ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটি আর্জেন্টিনার জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। কাতার বিশ্বকাপের এই তারকা এখন লিভারপুল ও জাতীয় দল—উভয় জায়গাতেই মধ্যমাঠের প্রধান ভরসা।
ভুল হাঁটুতে চিকিৎসার খবর ‘ভিত্তিহীন’ বললেন এমবাপ্পে