ভোলার ইলিশা লঞ্চঘাটে বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ঢাকামুখী এমভি তরঙ্গ-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চের দড়ি ছিঁড়ে পন্টুনে থাকা দুই যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত এক যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. নুরউদ্দিন (৩২) এবং রাজাপুর ইউনিয়নের সুদের হাট গ্রামের মো. নুরনবী (৩৭)।
নৌপুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদ উপলক্ষে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চে যাত্রী নেওয়ার সময় অতিরিক্ত বাতাস ও স্রোতের কারণে ঘাটে থাকা অন্য লঞ্চের সঙ্গে তরঙ্গ-৭ লঞ্চের ধাক্কা লাগে। পাশাপাশি পন্টুনে বাঁধা ছিল লঞ্চটির দড়ি, যা ছিঁড়ে গিয়ে পন্টুনে দাঁড়িয়ে থাকা দুই যাত্রীকে আঘাত করে। এতে নুরউদ্দিনের পা ভেঙে যায় এবং অপর যাত্রীও আঘাত পায়।
ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নুরউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল রেফার করা হয়।
ভোলা সদর ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানিয়েছেন, ঘটনার পরপরই আমরা তরঙ্গ-৭ লঞ্চটিকে আটক করেছি। বর্তমানে লঞ্চ আমাদের হেফাজতে রয়েছে। লঞ্চ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি এখনও আত্মগোপনে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
