ভারত বলেছে, ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তান সেনাবাহিনীর ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচালিত ভয়াবহ নৃশংসতা ও গণহত্যার বিষয়টি আজও অস্বীকার করে চলেছে ইসলামাবাদ। এই গণহত্যার ন্যায়বিচারের জন্য বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, তার প্রতি পূর্ণ সমর্থন জানায় নয়াদিল্লি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
রণধীর জয়সওয়াল বলেন, ১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তান কর্তৃক সংঘটিত ভয়াবহ নৃশংসতা সম্পর্কে আমরা সবাই অবগত। এই গণহত্যায় লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশি মানুষকে পরিকল্পিতভাবে লক্ষ্য করে হত্যা করা হয়েছিল এবং নারীদের বিরুদ্ধে ব্যাপক আকারে যৌন অপরাধ সংঘটিত হয়েছিল।
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানি বাহিনীর সেই বর্বরতার ফলে লক্ষ লক্ষ মানুষ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ওই নৃশংসতা বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, পাকিস্তান আজও তাদের সেই অপরাধের কথা অস্বীকার করে চলেছে।
ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেন, আমরা ন্যায়বিচারের জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষাকে সমর্থন করি।
