ছড়া

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ এএম

স্বাধীনতার আনন্দ

এম আব্দুল হালীম বাচ্চু

লাল সবুজের পতাকা আজ

উড়ছে আকাশে

স্বাধীনতার মুক্ত হাওয়ায়

বাংলা আমার হাসে।

 

ঝলমলে রোদ হাসি ছড়ায়

সবুজ পাতার গায়

হায়নামুক্ত দেশের বুকে

পাখিরাও গান গায়।

 

স্বপ্ন ভরা সোনার দেশে

করব না কেউ ভুল

স্বাধীন দেশের মাটির রসে

ফোটে রঙিন ফুল

 

একাত্তরের যুদ্ধে যারা

দিয়েছিল প্রাণ

স্বাধীনতার আনন্দে আজ

গাইব তাদের গান।

মুক্তিযোদ্ধা

অপু বড়ুয়া

বাংলা মায়ের দামাল ছেলে

রণাঙ্গনের  বীর

ভয় করে না দৈত্য-দানোর

ঊর্ধ্বে রাখে শির।

রুদ্ধশ্বাসে যুদ্ধ করে

শত্রু করে নাশ

ঊর্ধ্বশ্বাসে দৈত্যসেনা

দৌড়ে ফেলে শ্বাস।

 

বীর বাঙালি মুক্তিযোদ্ধা

নেই তুলনা তার

করল স্বাধীন স্বদেশভূমি

শত্রু মানে হার।

পুতুল বিয়ে

নকুল শর্ম্মা

 

খুকির পুতুল বিয়ে দেবে

তাই লেগেছে ধুম,

কতশত কাজ যে বাকি

নেই তো খুকির ঘুম।

 

গয়নাপাতি গড়তে হবে

ঝুমকো কানের দুল,

নাকের নোলক চুলের ফিতা

খোঁপার রাঙা ফুল।

 

লাল শাড়িটা কিনতে হবে

রেশমি চুড়ি হাতে,

বরের জন্য মাথার টোপর

আনতে হবে সাথে।

 

মিষ্টি মিঠাই লাগবে কত

হিসাব করা চাই,

তাই তো খুকুর হাজারটা কাজ

খাবার সময় নাই।

 

প্রজাপতির পাখা

জাকির সেতু

 

লাজুক লতা ফুলের কথা

ছড়ায় পাতার মাঝে

খুকি বসে খাতায় লেখে

রঙিন স্বপ্ন সাজে।

 

কত ফুল ফোটে বনে

কতই ফুল ঝরে

কত ফুল বাকি থাকে

খুকি তাই ধরে।

 

ভাবতে থাকে আপন মনে

মিষ্টি হাসির ছলে

ফুলের মালি হই যদি

প্রজাপতির দলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত