হামজারা পারেননি হিমুরা পেরেছেন

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ এএম

ভিয়েতনামকে হারাতে পারেননি হামজা চৌধুরীরা। বৃহস্পতিবার হ্যানয়ে প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারের লজ্জা পেতে হয়েছিল ফুটবলারদের। তবে কয়েক ঘণ্টা বাদেই ফুটবলে হারের বদলা নিয়েছেন দেশের তীরন্দাজরা। শুক্রবার সকালে ব্যাংককে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারির পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশের হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য রহমান। আন্তর্জাতিক অঙ্গনে অতীতে আরচারির মাধ্যমে মিলেছে অনেক পদক। তবে কম্পাউন্ড ইভেন্টে প্রথম স্বর্ণপদক জয়ের ইতিহাস রচিত হলো গতকাল। ভিয়েতনামের তীরন্দাজদের ২৩১-২২৫ পয়েন্টে হারিয়েছেন তিন তীরন্দাজ।

দু’দিন আগেই ফাইনাল নিশ্চিত করেছিলেন হিমুরা। বুধবার কোয়ার্টার ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মালয়েশিয়াকে শুটঅফে হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশের তরুণরা। এরপর সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ পয়েন্টে হারিয়ে অন্তত রুপার পদক নিশ্চিত করেন তিন আরচার। ২০২১ সালে থাইল্যান্ডে এই আসরেই পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হয়েছিল বাংলাদেশ দলকে। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়েছেন হিমু-রাকিব-ঐশ্বর্যরা। শুরুতেই এগিয়ে যাওয়াটা ধরে রেখে ভিয়েতনামের ড্যাং কং, ফ্যাম গক ও র‌্যান জুয়ানের বিপক্ষে আধিপত্য বিস্তার করেন বাংলাদেশের তীরন্দাজরা। প্রথম সিরিজে তারা এগিয়ে যায় দুই পয়েন্টে। দ্বিতীয় সিরিজে ব্যবধান বাড়ে চার পয়েন্টে। তৃতীয় সিরিজে এক পয়েন্ট ব্যবধান কমে গিয়েছিল। তবে শেষ সিরিজে বাংলাদেশের তীরন্দাজরা আত্মবিশ্বাসী পারফরম্যান্সে অনেকটাই পেছনে ফেলেন ভিয়েতনামিদের।

এই আসরে রিকার্ভ ইভেন্টের তীরন্দাজরা প্রত্যাশা মেটাতে না পারলেও পেরেছেন কম্পাউন্ডের ছেলেরা। ২০২৮ অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশে কম্পাউন্ডে গুরুত্ব বাড়িয়ে দেয়। এ বছর এশিয়ান কাপ ও আরচারি বিশ্বকাপকে লক্ষ রেখে কাজ করা বাংলাদেশ দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ কম্পাউন্ডে সাফল্য পাওয়ায় ভীষণ খুশি। বছরব্যাপী অনুশীলনের সুফল মিলেছে জানিয়ে এই অভিজ্ঞ কোচ বলেন, ‘একটানা ক্যাম্প চলায় ভালো অনুশীলনের পাশাপাশি সবার মধ্যে দারুণ এক বন্ধন তৈরি হয়েছে। দলের এক হয়ে কাজ করা, প্রত্যেকে একে অপরকে ভালো করে চেনাটা গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ দলগত ইভেন্টকে লক্ষ রেখেই আমরা কঠোর পরিশ্রম করেছি।’ কম্পাউন্ডে প্রথম স্বর্ণপদক জয়ের অনুভূতি জানাতে গিয়ে ফ্রেডরিখ বলেন, ‘অবশ্যই খুব খুশি এবং এই নিয়ে বেশ রোমাঞ্চিত। প্রথম মুহূর্ত থেকে, প্রথম তীর থেকেই এটি দুর্দান্ত কাজ ছিল। তারা ভিয়েতনামের বিপক্ষে শুরুতেই লিড নেয় এবং একদম শেষ পর্যন্ত, শেষ শটটি পর্যন্ত প্রতিপক্ষকে এক চুলও জায়গা দিইনি। খুব ভালো টিম বন্ডিং, খুব ভালো টিমওয়ার্ক হয়েছে এবং এই অর্জনে আমি খুবই আনন্দিত। কম্পাউন্ড এখন একটি অলিম্পিকের খেলা এবং আমরা লস অ্যাঞ্জেলেসকে লক্ষ্য রেখে একটি পথচলা শুরু করলাম এই সাফল্যের মধ্য দিয়ে।’

সোনাজয়ী দলের অন্যতম সদস্য হিমু বাছাড়ও কঠোর অনুশীলনকেই সাফল্যের নেপথ্যের কারণ হিসেবে দাবি করেছেন, ‘আমরা তিন-চার মাস ধরে অনুশীলন করেছি। অনুশীলনটি ছিল শুধুমাত্র এশিয়া কাপের জন্য। আমরা চেয়েছিলাম দেশের জন্য কিছু একটা বয়ে আনব। আমরা তা করেছি। আমরা দেশের জন্য স্বর্ণ জিতেছি। আমাদের খুব ভালো লাগছে এবং আমরা পরবর্তী টুর্নামেন্টগুলো যেমন এশিয়ান গেমস এবং বিশ্বকাপে আরও ভালো পারফর্ম করতে চাই।’

এই সাফল্যে খুশি হয়ে বিশ্ব আরচারি, এশিয়ার সভাপতি ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল এক হাজার ডলার বোনাস ঘোষণা করেছেন। সোনাজয়ী আরচাররা রবিবার সকালে দেশে ফিরবেন। চপল জানান সোনাজয়ীদের বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে পারেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত