বিশ্ব র্যাংকিংয়ে ভিয়েতনাম ১০৩তম। বাংলাদেশ ১৮১। ৭৬ ধাপ এগিয়ে থাকা দলের কাছে হারটা অনুমিতই। তবে বৃহস্পতিবার হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে যে ব্র্যান্ডের ফুটবল খেলে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ, তা নিয়ে হতাশা থাকাই স্বাভাবিক। ডিফেন্ডাররা এ ম্যাচের পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ফরোয়ার্ডরাও পারেননি প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে। মাঝমাঠের নিয়ন্ত্রণও ছিল না বাংলাদেশিদের দখলে। মাঠে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে না পারার দায় ফুটবলারদের। আর একঝাঁক অনিয়মিত ফুটবলারকে নিয়ে দল গড়ার দায় কোচ হাভিয়ের কাবরেরার। ম্যাচে বাংলাদেশের ছন্নছাড়া ফুটবলের পরও অবশ্য এই স্প্যানিশ শিষ্যদের প্রশংসা করেছেন গালভরে। বলেছেন, এই হার থেকে শিক্ষা নিয়ে তার দল ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াবে। সেই ঘুরে দাঁড়ানোর মিশনে ভিয়েতনাম থেকে শুক্রবার সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাইয়ের একটা ভালো শেষের আশায় স্বাগতিকদের মোকাবিলা করবে বাংলাদেশ।
×
