পুলিশ হত্যার বিচার নিয়ে যা বললেন আইজিপি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৪২ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ তার নিজ কাজ থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। পুলিশের মূল কাজ হচ্ছে আইনের সুরক্ষা দেওয়া। সেটা পুনরুদ্ধার করার জন্য বর্তমান পুলিশ বাহিনী, বর্তমান গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে সঠিক এবং সুন্দরভাবে যাতে জনগণের সঙ্গে সে আস্থা অর্জন করতে পারে, সে চেষ্টা চলছে। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান এসব কথা বলেন।

৫ আগস্টের হতাহতের ঘটনার বিচার প্রসঙ্গে আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক লোক মারা গেছেন। আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার তদন্ত ও বিচার হবে, আইনে যা হওয়ার তাই হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

পুলিশপ্রধানের দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে রাজশাহীতেই প্রথম সফর তার। পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাজশাহী আসেন তিনি। বিকেলে আরএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, রাজশাহীর প্রতি আমাদের একটু স্পেশাল নজরই আছে বলতে হবে। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়। এখানে ওই ধরনের যে খারাপ কাজে লিপ্ত হওয়া বা অপরাধের সংখ্যা অনেক কম।

আইজিপি বলেন, বিগত ১৭ বছর ব্যাংক থেকে টাকা চলে গেছে। আমাদের ব্যাংকগুলার খুব খারাপ অবস্থা। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে, শেয়ার মার্কেট থেকে টাকা চলে গেছে, যার কারণে মানুষের অর্থনৈতিক কর্মকা- স্থবির। অর্থনৈতিক কর্মকান্ড আরও পুরোদমে চালু করতে হলে, বিনিয়োগ আসতে হলে সরকারের এক নম্বর এজেন্ডা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। এজন্য মূল ভূমিকা পালন করে পুলিশ। তার সঙ্গে সেনাবাহিনী, বিডিআর আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগিতা করে কিন্তু মূল দায়িত্বটা পুলিশেরই। জুলাই বিপ্লবের পর পুলিশের মনোবল শূন্যের কোঠায় ছিল। জনগণ থেকে পুলিশ বিচ্ছিন্ন ছিল। এটা ছিল গুটি কয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে। পুলিশের মূল কাজ হচ্ছে আইনের সুরক্ষা দেওয়া। সেটা থেকে আমরা কিছুটা বিচ্যুত হয়েছিলাম।

পুলিশপ্রধান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদকের প্রভাবে যুবসমাজ খুন-খারাবি, ছিনতাই, কিশোর গ্যাং বিভিন্নরকম অপরাধের সঙ্গে লিপ্ত হচ্ছে। সুতরাং, সরকারের এক নম্বর এজেন্ডা হচ্ছে মাদক নির্মূল করা। মাদকের যারা ব্যবসায়ী আছে তাদেরও তালিকা হচ্ছে এবং আইনের আওতায় আনা হবে।

গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়ে আইজিপি সাংবাদিকদের সঠিক তথ্য প্রদান এবং বিভ্রান্তিকর প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, কার্যকর পুলিশি ব্যবস্থা নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ও জনগণের সহযোগিতার ওপর নির্ভরশীল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত