খাগড়াছড়ি ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ এএম

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফের-গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন।

স্থানীয়রা জানান, নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসেছিলেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। তিনি পানছড়ির উত্তর শান্তিপুর এলাকার বর্ণনাতীত চাকমার ছেলে। ঘটনার পর তাকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা হত্যার ঘটনায় প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করা হচ্ছে। অবশ্য এ ব্যাপারে ইউপিডিএফের বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত