স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতা

আগের ডিসিকে ইচ্ছা করেই বদলি করেছি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

কুষ্টিয়ায় আগের জেলা প্রশাসককে (ডিসি) ‘ইচ্ছা করে বদলি করে দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। গত বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মেহেদী আহমেদ এমন বক্তব্য দেন। তার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি নিজের পরাজয়ের জন্য নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা তৎকালীন জেলা প্রশাসক ইকবাল হোসেনকে দায়ী করেন। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ‘আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করেই বদলি করে দিয়েছি। কারণ, গভমেন্ট আমাদের তো।...’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হন দাঁড়িপাল্লার প্রার্থী আফজাল হোসেনের কাছে। 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সেই বিষয়টি উল্লেখ করে রুমী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি তিন তিনবার সংসদ সদস্য ছিলাম। কিন্তু দাওয়াত পাওয়ার অধিকার আমাদের নেই। গত নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে আমাকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আমি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছি।’

রুমী বলেন, ‘৬০ বছর ধরে রাজনীতি করি, ৭৩ বছর বয়স আমার। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি। অনেকেই আছেন নামে মুক্তিযোদ্ধা, কিন্তু কোনো ভূমিকা পালন করেননি। এই রকম বহু লোককে চিনি আমরা। আমাদের জন্ম এই কুষ্টিয়া শহরে। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, তখন এখানে উপস্থিত অনেকেরই জন্ম হয়নি।’

নির্বাচনকালীন জেলা প্রশাসকের ভূমিকা টেনে মেহেদী রুমী বলেন, ‘কুষ্টিয়ার আগের জেলা প্রশাসক (ইকবাল হোসেন) গাদ্দারি করেছেন নির্বাচনের সময়। উনি গাদ্দারি করেছেন, কুমারখালী প্রশাসন গাদ্দারি করেছে, খোকসা প্রশাসন গাদ্দারি করেছে। আমি এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতাম। কিন্তু সেটা হতে দেয়নি। জানি না আমার অপরাধ কী। আমরা একটু কথা বলি, সত্য বলার চেষ্টা করি, এটাই আমার অপরাধ। আমি নির্বাচনে ভোট গণনার জন্য হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্ট একসেপ্ট করেছে। ২৪ জুন শুনানি আছে। আমার বিশ্বাস, ভোট পুনর্গণনা হবে। আমি বিজয়ী হব, হব, হব ইনশা আল্লাহ।’

বক্তব্যের শেষ দিকে মেহেদী রুমী বলেন, ‘আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করেই বদলি করে দিয়েছি। কারণ, গভমেন্ট আমাদের তো। আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স। উনি (জেলা প্রশাসক) এরকম কাজ করবেন, বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম।’

কুষ্টিয়া জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকুসহ বীর মুক্তিযোদ্ধা নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত