মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় উজ্জ্বল মোল্লা (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই এম রেজুয়ান হোসেন (১৯)ও ছুরিকাঘাতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উজ্জ্বল মোল্লা বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহতদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শনিবার (২৮মার্চ) গুরুতর আহত উজ্জ্বল মোল্লার বাবা আ. আলীম মোল্লা এবিষয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার(২৭মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকা থেকে বাড়ি ফেরার পথে নয়ন মিয়া (২৪), তার পিতা নাজিমুদ্দিন এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন সংঘবদ্ধভাবে উজ্জ্বল মোল্লার পথরোধ করে। এরপর নয়ন মিয়ার কাছে থাকা ধারালো চাকু দিয়ে উজ্জ্বল মোল্লার বুকের বাম পাশে আঘাত করে। এ সময় তার চিৎকারে চাচাতো ভাই এম রেজুয়ান হোসেন এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে উজ্জ্বল মোল্লার শরীরে একাধিক সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
