নড়াইলের কালিয়ার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৮) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে অপর শিশু আরিয়ার খোঁজে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, গোসল করতে নেমে চিত্রা নদীতে দুটি শিশু নিখোঁজের বিষয়ে জেনেছি। এর মধ্যে একজন উদ্ধার হলেও শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আরেকজন উদ্ধার হয়নি। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
