জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভুয়া ঠিকানা ব্যবহার করে টিসিবির ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার (২৮মার্চ) দুপুরে উপজেলার নিলাখিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে এক মানববন্ধন সমাবেশে এ দাবি জানানো হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, মিন্টু মিয়াসহ আরো অনেকে।
মানববন্ধন সমাবেশে ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি নিলাখিয়া ইউনিয়নে দুইজন টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও প্রকৃত ব্যবসায়ী ডিলার হিসেবে নিয়োগ পাবেন। কিন্তু প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে মুহিব টেড্রার্স নামে একটি প্রতিষ্ঠানের হেলানা বেগম নিলাখিয়া ইউনিয়নে টিসিবির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। নীতিমালা অনুযায়ী এটা সম্পূর্ণ অবৈধ। অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা। পাশাপাশি নিলাখিয়া ইউনিয়নের প্রকৃত ব্যবসায়ীকে টিসিবির ডিলার নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।