কুড়িগ্রামে ছুরিকাঘাত করে কাঁচামাল ব্যবসায়ীর টাকা ছিনতাই

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:২১ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছুরিকাঘাত করে করিম উদ্দিন (৬৬) নামের এক কাঁচামাল ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। 
আহত করিম উদ্দিন জয়মনিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাজারের একজন কাঁচামাল ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত করিম রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী বাজারে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে নির্জন স্থানে পৌঁছালে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবায়ের হোসেন জানান, রোগীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও সেলাই শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত