মায়ামিতেও সাবালেঙ্কার দাপট, জিতলেন ‘সানশাইন ডাবল’

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

মায়ামি ওপেনের ফাইনালে কোকো গফকে হারিয়ে শিরোপা ধরে রাখলেন আরিনা সাবালেঙ্কা। শনিবারের রোমাঞ্চকর ফাইনালে ৬-২, ৪-৬, ৬-৩ ব্যবধানে জয়ী হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই বেলারুশীয় তারকা। একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন জেতার বিরল কৃতিত্বকে টেনিসের ভাষায় বলা হয় ‘সানশাইন ডাবল’, যা এবার নিজের করে নিলেন সাবালেঙ্কা।

টেনিস ইতিহাসের মাত্র পঞ্চম নারী হিসেবে এই কীর্তি গড়লেন সাবালেঙ্কা। তাঁর আগে স্টেফি গ্রাফ (১৯৯৪, ১৯৯৬), কিম ক্লাইস্টার্স (২০০৫), ভিক্টোরিয়া আজারেঙ্কা (২০১৬) এবং ইগা শিয়াওতেক (২০২২) এই ‘সানশাইন ডাবল’ পূর্ণ করেছিলেন। ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডার তপ্ত রোদে টানা দুটি বড় টুর্নামেন্ট জেতা শারীরিক ও মানসিকভাবে কতটা কঠিন, তা টেনিস ভক্তদের অজানা নয়।

পুরো টুর্নামেন্টে একটি সেটও না হেরে ফাইনালে উঠেছিলেন বিশ্বসেরা সাবালেঙ্কা। প্রথম সেটে কোকো গফকে দাঁড়াতেই দেননি তিনি, জিতে নেন ৬-২ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান গফ। ফ্লোরিডার নিজের ঘরের দর্শকদের সমর্থনে উজ্জীবিত হয়ে ৪-৬ ব্যবধানে সেটটি জিতে ম্যাচ তৃতীয় সেটে নিয়ে যান ২০২৫ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী এই আমেরিকান।

নির্ধায়ক সেটে অভিজ্ঞ সাবালেঙ্কা আবারও নিজের চেনা রূপে ফেরেন। শুরুতেই গফের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৬-৩ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে উৎসবে মাতেন বর্তমান চ্যাম্পিয়ন।

২০২৬ সালটি সাবালেঙ্কার জন্য যেন স্বপ্নের মতো কাটছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত তাঁর জয়ের রেকর্ড ২৩-১। একমাত্র হারটি এসেছিল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এলেনা রিবাকিনার কাছে। মজার ব্যাপার হলো, সেই রিবাকিনাকেই ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এবং মায়ামির সেমিফাইনালে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন সাবালেঙ্কা।

বর্তমানে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি নিজের দখলে রাখা সাবালেঙ্কা আগামী টুর্নামেন্টগুলোতেও এই ফর্ম ধরে রাখতে আত্মবিশ্বাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত