গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স থাকলে পাবে তেল

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম

জয়পুরহাটে পাম্পগুলোতে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর মধ্যে গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পেট্রোল পাম্প থেকে তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রবিবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার পাম্প মালিকদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও কাগজপত্র ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের পক্ষ থেকে কাগজপত্র যাচাইবাছাইয়ে চেকপোস্ট বসানোসহ পাম্পে ক্রেতাদের রিসিভ ও মোবাইল নম্বর সরবরাহ করে তেল দেওয়াসহ সঙ্কট কাটাতে কঠোর মনিটরিং করা হবে। যাতে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে না পারে। এছাড়াও প্রত্যেকটি পাম্পে এসব নির্দেশনা ব্যানার টাঙিয়ে দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা বিআরটির মোটরযান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, পাম্প মালিক রাফি চৌধুরী, মেহেদী হাসানসহ অন্যান্যরা।

প্রশাসনের তথ্যানুযায়ী, জয়পুরহাট জেলায় ২০টি তেলের পাম্প রয়েছে। জেলায় দৈনিক পেট্রোল ৫৫ হাজার ৭০০, অকটেন ৩৭ হাজার ৩০০ ও ডিজেল ৮৬ হাজার ১০০ লিটার চাহিদা রয়েছে। তবে এই চাহিদার বিপরীতে তেল কম সরবরাহ পাওয়ায় এ সঙ্কট ও ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত