চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর জমা দেওয়া পদত্যাগপত্র রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে বলে জানানো হয়। এতে সুপারিশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
পদত্যাগ করা প্রক্টররা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জলুর রহমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সহকারী প্রক্টর মো.বজলুর রহমান গত ১৯ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চবি রেজিস্ট্রার বরাবর চিঠি দেন। তবে তিনি চিঠি জমা দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন তার পদত্যাগপত্র অনুমোদন করেনি। চিঠিতে তিনি বিভাগের একাডেমিক ব্যস্ততার বিষয় তুলে ধরেন। এছাড়া চিঠিতে তিনি উল্লেখ করেন, বিভাগীয় একাডেমিক কাজের অতিরিক্ত চাপের কারণে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
অন্যদিকে প্রক্টরিয়াল বডিতে থাকা একমাত্র নারী সদস্য সহকারী প্রক্টর অধ্যাপক ড. পারভীন আক্তার শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ ২৯ মার্চ চবি রেজিস্ট্রার বরাবর পদত্যাগের চিঠি দেন অধ্যাপক পারভীন আক্তার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার কাছে আজকে তাদের পদত্যাগপত্র এসে পৌঁছেছে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাদের পদত্যাগের বিষয়টি উপাচার্যকে অবহিত করা হবে।
