ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চাল ব্যবসায়ী সুসেন চন্দ্র সরকার (৬২) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হত্যাকান্ডে পর ঘটনাস্থলে পড়ে থাকা একটি মানিব্যাগের সূত্র ধরে আসামিকে শনাক্ত করা হয়। গ্রেপ্তার আসামি তাবারক হোসেন আকন্দ কামাল (৫৭) ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদ আকন্দের ছেলে। শনিবার (২৮মার্চ) রাত ১১টার দিকে শ্রীপুর উপজেলা-এর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে ত্রিশালের সাউথ কান্দা এলাকায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে দুর্বৃত্তরা সুসেন চন্দ্র সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। নিহত সুসেন চন্দ্র সরকার উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা এবং বগার বাজার চৌরাস্তার ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’এর মালিক ছিলেন। ঘটনার পরদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর ক্রাইমসিন থেকে একটি মানিব্যাগ জব্দ করে পুলিশ। ওই মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন কার্ডের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির পরিচয় শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার তাবারক হোসেন আকন্দ কামাল হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানা গেছে। তিনি অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে ভিকটিমকে হত্যা করেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
