অবশেষে বুলবুল ফিরলেন

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:২৪ এএম

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর পর গতকাল রবিবারই তিনি খোঁজ নিয়েছেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের, একইসঙ্গে সেরেছেন দাপ্তরিক কার্যক্রমও। গত মাসে রমজান শুরুর আগেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন বুলবুল। এর মধ্যে নানা ধরনের গুঞ্জন ও গুজব ছড়িয়ে পড়ে, আর হয়তো দেশে ফিরবেন না তিনি। অস্ট্রেলিয়া থেকে দিয়ে দিতে পারেন নিজের পদত্যাগপত্র। সেসব গুজব উড়িয়ে দিয়ে রবিবার প্রথম প্রহরে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। প্রাথমিকভাবে ২৬ মার্চ ফেরার কথা থাকলেও, সেটি দুই দিন পিছিয়ে বাংলাদেশে ফিরলেন বুলবুল। দেশে ফিরে একদমই সময় নষ্ট করেননি বুলবুল। রবিবার বিসিবি কার্যালয়ে এসে রুটিন ওয়ার্ক সেরেছেন তিনি। পরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান জাতীয় দলের ফিটনেস ক্যাম্পের খোঁজ নিয়েছেন। এ সময় জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স, টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও কথা বলেন বিসিবি সভাপতি। বোর্ড পরিচালক ও ক্রিকেট অপ্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমও তার সঙ্গে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত