অনূর্ধ্ব-১৯ দলের বড় জয়

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১২ এএম

গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) শুরুটা দারুণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল মিরপুরে উদ্বোধনী ম্যাচে বয়সে ছোট অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় অনূর্ধ্ব-১৯ দল। উদ্বোধনী জুটিতে জারিফ সিয়াম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহির (১১) মাত্র ৩ ওভার ৫ বলে ৪৩ রান যোগ করে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে যান জারিফ। তবে তিন অঙ্ক ছোঁয়ার মাত্র এক রান আগে থামতে হয় তাকে। রান আউট হওয়ার আগে ৭৬ বলে ৯৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।

এরপর ব্যাট হাতে নিজের সামর্থ্যরে জানান দেন আহসান আল মামুন। ফিফটি তুলে নেওয়ার পর ৬৭ রানে বিদায় নেন তিনি। ৬৫ বলের ইনিংসটি সাজানো ছিল কার্যকর ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে। শেষ দিকে ফরিদ হাসান ফয়সালের দ্রুতগতির ৬২ রানের ইনিংসের সৌজন্যে বড় সংগ্রহ পেতে আরও সহায়তা করে তাদের। সব মিলিয়ে নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২৯ রানের বিশাল স্কোর গড়ে অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ইয়াসিন মজুমদার।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় অনূর্ধ্ব-১৭ দল। মাত্র ৩ রানেই দুই ওপেনার আসাদুল্লাহ হিল গালিব ও হাসানকে হারায় তারা। এরপরও ইনিংস বড় করার চেষ্টা করেন ইমরান ভূঁইয়া। তবে ৪৭ বলে ২৪ রানের বেশি করতে পারেননি তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৯ ওভার ১ বলে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় অনূর্ধ্ব-১৭ দলের ইনিংস। ফলে ২৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বল হাতে তাদের হয়ে তিনটি উইকেট শিকার করেন শাকিল খান। শেখ আতিকুর রহমান ও তাফিউল আলম তামিম নেন দুটি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত