‘ঢাকার ছেলে’ নাদিফ খুঁজবেন ঢাকার ক্রিকেটার

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১২:২৬ এএম

নাদিফ চৌধুরীর পরিচিতিই হয়ে গেছে ‘ঢাকার ক্রিকেটার’। জাতীয় দলে ৩ টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার নাদিফ ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ সময়েই জাতীয় ক্রিকেট লিগে খেলেছেন ঢাকা বিভাগের হয়ে। ২০০২-০৩ মৌসুমে অভিষেক, সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের নভেম্বরে। ৪ জাতীয় নির্বাচককে জোন ভাগ করে দেওয়া হয়েছে, নাদিফ দেখবেন ‘সেন্ট্রাল জোন’ অর্থাৎ ঢাকা মেট্রো ও ঢাকা বিভাগকে নিয়ে গড়া অঞ্চলটি। দেশ রূপান্তরকে নাদিফ জানালেন, দায়িত্বটা পেয়ে তিনি খুবই রোমাঞ্চিত, ১ তারিখ থেকে কাজ শুরু করতে মুখিয়ে আছেন।

মিডল অর্ডারে ডানহাতে ব্যাটিং আর বামহাতি স্পিন বোলিং, সুদর্শন চেহারা; বয়সভিত্তিক ক্রিকেট থেকে ঠিক ডানা মেলতে পারেননি নাদিফ। মাত্র ৩ টি-টোয়েন্টিতে থেমে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে নাদিফ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন লম্বা সময়। জাতীয় নির্বাচকের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৪ করা এবং অঞ্চল ভিত্তিক করাটা ইতিবাচক হিসেবে দেখছেন নাদিফ, ‘আমি লম্বা সময় ঢাকা বিভাগের হয়ে খেলেছি আমি জানি এখান থেকে কোন ক্রিকেটার কেমন। এই দায়িত্বটা দেওয়াতে ভালো হয়েছে, আমাদের চূড়ান্ত লক্ষ্য তো জাতীয় দল তবে জোনাল দলগুলো ভালো হলে সেটা দিনশেষে জাতীয় দলের পাইপলাইনকেও শক্ত করবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত