নারায়ণগঞ্জে পরকীয়ার জের: শিশুহত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৬:২৪ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১১ বছর বয়সী শিশু আরাফাত হোসেন হত্যা মামলায় মো. রিপন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। 

দণ্ডপ্রাপ্ত মো. রিপন বন্দর উপজেলার লাউসার এলাকার বাসিন্দা এবং মো. ইসলামের ছেলে।

মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে শিশু আরাফাত হোসেনকে হত্যা করা হয়। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে দেওয়া জবানবন্দিতে রিপন স্বীকার করে, একটি ছিনতাই মামলায় আরাফাতের কলেজপড়ুয়া বড় ভাই সাক্ষ্য দিয়েছিলেন। এছাড়া তার বাবার সঙ্গে প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ঘটনায় বাধা দেওয়ায় ক্ষোভ থেকে সে আরাফাতকে হত্যা করে।

ঘটনার দিন রিপন ইট দিয়ে আঘাত করে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফাতকে নির্মমভাবে হত্যা করে।

আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত