ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির আর্টিবোনিত অঞ্চলে সশস্ত্র গ্যাং হামলায় বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থার হিসাবে অন্তত ৭০ জন নিহত হন; আহত হন আরও ৩০ জন। হামলায় বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় ও হাজারও মানুষকে বাস্তুচ্যুত করার ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির প্রধান কৃষি অঞ্চল হিসেবে পরিচিতি আর্টিবোনিতে এই সহিংসতার খবর নিশ্চিত করেছে মানবাধিকার সংস্থা ডিফঁসার প্লাস। আলজাজিরা জানায়, গত রবিবার জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামীণ অঞ্চলে হামলা শুরু হয় এবং তা সোমবার পর্যন্ত চলে।
ডিফঁসার প্লাস জানায়, এই সহিংসতায় প্রায় ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে জাতিসংঘের হিসাবে কাছাকাছি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে কয়েকদিনের মধ্যেই ২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে বলা হয়েছিল। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, হাইতিতে জাতিসংঘের কার্যালয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডিফঁসার প্লাস এবং ‘কালেকটিভ টু সেভ দ্য আর্টিবোনিত’ এক যৌথ বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনীর প্রতিক্রিয়ার অভাব এবং আর্টিবোনিত অঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া কর্র্তৃপক্ষের দায়িত্বহীনতার চরম উদাহরণ।