মানুষের দৈনন্দিন জীবনে ব্যস্ততার শেষ নেই। কাজের চাপ, দৌড়ঝাঁপ ও দায়িত্বের ভিড়ে অনেক সময় ইবাদত সীমাবদ্ধ হয়ে পড়ে কেবল ফরজ পালনের মধ্যেই। অথচ ইসলাম এমন এক জীবনব্যবস্থা, যেখানে ইবাদত শুধু দায়িত্ব নয়, বরং আত্মিক উন্নতি ও মানসিক প্রশান্তির প্রধান উৎস। এমন কিছু ইবাদত আছে, সেগুলোকে যদি অভ্যাসে পরিণত করা যায়, তবে তা একজন মুমিনের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে।
ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নামাজ আদায়কে অভ্যাসে পরিণত করা জরুরি। অনেকেই তাড়াহুড়োর কারণে সুন্নত নামাজ এড়িয়ে যান। কিন্তু ধীরে ধীরে এটিকে অভ্যাসে রূপ দিতে পারলে তা ইবাদতের পরিপূর্ণতা এনে দেয় এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক হয়।
নামাজের পর আল্লাহর জিকির করা। বাস্তবতা হলো, নামাজ শেষ করেই আমরা দ্রুত চলে যেতে চাই। অথচ মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় দিলেই জিকির ও দোয়া সম্পন্ন করা সম্ভব। নিয়মিত এই আমল আত্মাকে পরিশুদ্ধ করে এবং ইবাদতের স্বাদ বাড়িয়ে দেয়।
সকাল ও সন্ধ্যার জিকিরকে জীবনের অংশ করা। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াগুলো পড়লে তা একদিকে যেমন মানসিক চাপ কমায়, অন্যদিকে দিন ও রাতকে বরকতময় করে তোলে।
রাতের নামাজ বা তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া। রমজানে তারাবির মাধ্যমে আমরা রাতের ইবাদতে আগ্রহী হই, কিন্তু রমজান শেষে তা অনেকেই ধরে রাখতে পারি না। নিয়মিতভাবে কিছুদিন তাহাজ্জুদ আদায় করলে এটি সহজেই অভ্যাসে পরিণত হতে পারে।
চাশতের নামাজ আদায় করা। সূর্যোদয়ের পর থেকে দুপুরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় দুই রাকাত চাশতের নামাজ আদায় করা যায়। এই নামাজের প্রতিদান অনেক, যা মানুষের শরীরের প্রতিটি অঙ্গের পক্ষ থেকে সদকার সমতুল্য।
ঘুমানোর আগে দোয়া পড়া। দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শোয়ার আগে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে নির্ধারিত দোয়াগুলো পড়লে তা প্রশান্তিময় ঘুম এনে দেয় এবং ফজরের নামাজে জাগতে সহায়তা করে।
প্রতিদিন নির্দিষ্ট সময় কোরআন তেলাওয়াত করা। এখানে পরিমাণের চেয়ে গুরুত্ব পায় বোঝার গভীরতা। অল্প হলেও মনোযোগ দিয়ে কোরআন পড়া ও তার অর্থ অনুধাবন করা অধিক ফলপ্রসূ।
এই সাতটি আমলকে নিয়মিত চর্চার মাধ্যমে জীবনের অংশ বানানো গেলে একজন মুসলিম কেবল ইবাদতে নয়, সামগ্রিক জীবনযাপনেও উৎপাদনশীল ও সফল হয়ে উঠতে পারবেন।
লেখক : মাদ্রাসাশিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
