হিন্দি সিনেমার গানে চার দশক ধরে অসংখ্য সুপার-ডুপারহিট গানের গায়িকা অলকা ইয়াগনিক। সম্প্রতি মেলোডি কুইনখ্যাত এই নন্দিত কণ্ঠশিল্পীকে সম্প্রতি পদ্মভূষণ সম্মানে ভূষিত করে ভারত সরকার। কিন্তু হঠাৎ করেই থেমে গেছে সেই সুরেলা যাত্রা। শ্রবণশক্তি হারিয়ে এখন কার্যত নীরব এই বর্ষীয়ান গায়িকা। চিকিৎসকদের মতে, একটি ভাইরাল সংক্রমণের কারণে তিনি বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন। এর ফলে তার শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাধ্য হয়ে গান গাওয়া থেকে বিরতি নিতে হয় তাকে। অলকা জানিয়েছেন, এখনো তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। নিয়মিতভাবে গান গাওয়ার মতো অবস্থায় তিনি এখনো ফিরতে পারেননি। যদিও সুরকার ও গীতিকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব পাচ্ছেন, তবুও সেসব আহ্বানে সাড়া দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
২০২৪ সালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে অলকা ইয়াগনিক বলেন, ‘বিমান থেকে নামার পর হঠাৎই অনুভব করি, কানে কিছুই শুনতে পাচ্ছি না। পরে চিকিৎসকের কাছে গেলে জানা যায়, ভাইরাসজনিত একটি বিরল স্নায়বিক সমস্যার কারণেই এমনটা হয়েছে।’ এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েছিলেন তার অসংখ্য ভক্ত-অনুরাগী। তবে নিজের এই কঠিন সময়েও সচেতনতার বার্তা দিতে ভোলেননি তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মকে সতর্ক করে তিনি বলেছেন, অতিরিক্ত উচ্চ শব্দ থেকে দূরে থাকতে এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করতে।
অলকা ইয়াগনিক ১৯৯০ থেকে ২০০০ পর্যন্ত বলিউডে অভূতপূর্ব ছাপ ফেলেছিলেন। দুই বছর আগে ২০২৪ সালে প্রকাশিত তার শেষ গান ছিল ইমতিয়াজ আলীর ‘আমার সিং চমকিলা’।
