নেপথ্যে আলোচনা চলছে চলছে বড় হামলাও

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪২ এএম

যুক্তরাষ্ট্র ইরানের ইসফাহানে একটি বিশাল গোলাবারুদের ডিপোতে ২ হাজার পাউন্ডের (৯০৭ কেজি) ‘বাংকার বাস্টার’ বোমা দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে। এ হামলার কথা জানিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় বিপুলসংখ্যক ভূগর্ভস্থ’ স্থাপনা ধ্বংসকারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে দেশ দুটির মধ্যে নেপথ্যে আলোচনা চলছে, এমন পরিস্থিতিতে গত সোমবার রাতে ইসফাহানে বড় ধরনের এ হামলা হলো।

আমেরিকার নাসা স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, ইসফাহানে বিস্ফোরণগুলো সোফেহ পাহাড়ের কাছে ঘটেছে। ওই এলাকায় বড় সামরিক অবস্থান রয়েছে বলে ধারণা করা হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসফাহানে বিশাল বিস্ফোরণের একটি ভিডিও কোনো ক্যাপশন ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। ভিডিওগুলোতে আগুনের বিশাল কুন্ডলী ও বারবার হতে থাকা ছোট ছোট বিস্ফোরণ দেখা গেছে। সাধারণত গোলাবারুদের ডিপোতে আগুন লাগলে এ ধরনের বিস্ফোরণ ঘটে থাকে।

ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইস্পাহান শহরের আকাশে দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এমন ড্রোন সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে। তবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর হাতেও এ মডেলের ড্রোন রয়েছে। ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল গতকাল  কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছেন। তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও স্পেশাল অপারেশন ফোর্সের সঙ্গে যুক্ত হবেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসনের মাধ্যমে এ যুদ্ধ শুরু করে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা খর্ব করা এবং তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা থেকে এ হামলা চালানো হয়। 

ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে এবং পারস্য উপসাগরের মুখে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। এতে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ বিঘিœত হওয়ায় বিশ^ব্যাপী সংকট দেখা দিয়েছে।

ট্রাম্প অভিযান সমাপ্তি চান : হরমুজ প্রণালি উন্মুক্ত করার জন্য চাপ তৈরির কথা বললেও ট্রাম্প গতকাল মঙ্গলবার তার সহযোগীদের বলেছেন যে এ প্রণালি পুরোপুরি মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে অভিযান শেষ করলে জলপথটির ওপর ইরানের শক্ত নিয়ন্ত্রণ দীর্ঘায়িত হতে পারে। এতে করে এ প্রণালি আবার চালু করার জটিল কাজটি ভবিষ্যতের জন্য ঝুলে থাকবে।

ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও  ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা। এরপর বর্তমান সংঘাত কমিয়ে আনা ও কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা অবাধ বাণিজ্যের সুযোগ দেয়।

ট্রাম্প ও তার সহযোগীরা মনে করছেন, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এ প্রণালি জোর করে উন্মুক্ত করার অভিযানে নামলে চলমান যুদ্ধ প্রেসিডেন্টের নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে। এ কারণে হরমুজ প্রণালি আবার  খোলার জন্য ইরানের ওপর চাপ তৈরির দায়িত্ব তিনি ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্রদের ওপর ছাড়তে চান।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গতকাল বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন শুধু স্থল অভিযানের জন্য নয়, বরং সামগ্রিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও কাজ করে। তার মতে, ইরানের উচিত এই সামরিক উপস্থিতিকে গুরুত্ব দিয়ে কূটনৈতিক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি করা যুক্তরাষ্ট্রের ‘প্রধান লক্ষ্য’। যুক্তরাষ্ট্র চায় এমন একটি সমাধান, যা বর্তমান উত্তেজনার অবসান ঘটাবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয়, সে ক্ষেত্রে বিকল্প পদক্ষেপ নিতে আমেরিকা প্রস্তুত রয়েছে।

যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের ওপর চাপানোর চেষ্টা : ট্রাম্প চলমান যুদ্ধের ব্যয় মধ্যপ্রাচ্যের  দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছেন। এই যুদ্ধের খরচ কয়েক হাজার কোটি ডলার হতে পারে। প্রেসিডেন্টের সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত সোমবার বলেন, ‘এটি এমন একটি বিষয়, যার জন্য প্রেসিডেন্ট যথেষ্ট আগ্রহী। তিনি তাদের আহ্বান জানাতে চাইবেন।’

আইআরজিসি জানিয়েছে, শত্রুদের এক হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধানের উপদেষ্টা মেজর জেনারেল জামশেদ এশাঘি নিহত হয়েছেন। হামলায় তার পরিবারের কযেকজন সদস্য প্রাণ হারিয়েছেন।

দুবাইয়ে তেলবোঝাই জাহাজে হামলা : ইরান গত সোমবার রাতে দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে হামলা করেছে। এতে কুয়েতি জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটির মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে কয়েক ঘণ্টার চেষ্টায় সে আগুন নেভানো হয়েছে। জাহাজের ক্রুরা নিরাপদ আছেন।

কুয়েত কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, এ হামলার কারণে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলের ৪ সেনা নিহত : ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল মঙ্গলবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের চারজন  সেনা নিহত হয়েছেন।

চীন ও পাকিস্তানের ৫ দফা উদ্যোগ : সৌদি আরব, তুরস্ক, মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইসলামাবাদে বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে চীনের সহায়তা চেয়েছেন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে আলোচনার পর পর দুই দেশ ৫-দফা উদ্যোগ প্রকাশ করেছে। এতে অবিলম্বে যুদ্ধ বন্ধ করা এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চীন ও পাকিস্তান বলেছে, উপসাগরীয় দেশগুলো ও ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিগগির শান্তি আলোচনা শুরু করা উচিত। বেসামরিক নাগরিক এবং সামরিক নয়, এমন লক্ষ্যবস্তুতে হামলা অবশ্যই বন্ধ করতে হবে। হরমুজ প্রণালিতে নৌ-চলাচল পথ নিরাপদ করতে হবে। জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে একটি বিস্তৃত শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত