স্কুলছাত্রী ও বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পিএম

ময়মনসিংহের ফুলপুরে নাবালিকা স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণপূর্বক আত্মহত্যায় প্ররোচনার প্রধান অভিযুক্ত আসামি মো. রুবেল মিয়াকে (৪০) মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

অপরদিকে বুদ্ধি প্রতিবন্ধীকে (১৬) ধর্ষণ মামলার প্রধান এবং একমাত্র অভিযুক্ত মো. কলিম উদ্দিন ওরফে কলম উদ্দিনকে (৫৮) জেলার ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা থেকে গ্রেপ্তার করে।

বুধবার (১ এপ্রিল) প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. নয়মুল হাসান।

তিনি জানান, ভিকটিম তার বাবা-মা এবং দাদীর সঙ্গে ফুলপুরে নিজ বাড়িতে বসবাস থাকতেন। আসামি রুবেল মিয়া ভিকটিমের প্রতিবেশী। গত ২৯ মার্চ আনুমানিক রাত ১০টার দিকে ভিকটিম নিজ বাড়ি থেকে বাহিরে যায় এবং ফিরে এসে ঘরের ভিতর অসুস্থ হয়ে পড়েন।  

অসুস্থতার বিষয়ে তার দাদীর কাছে বলেন, রুবেল মিয়ার বাড়ি থেকে আমি কীটনাশক খেয়ে এসেছি, রুবেল আমার সর্বনাশ করেছে, ফুসলিয়ে ধর্ষণ করেছে, এই মুখ কাউকে দেখাবোনা।  

সঙ্গে সঙ্গে ভিকটিমকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ মার্চ রাত আনুমানিক ৪টার দিকে মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মামলার প্রেক্ষিতে র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল ছায়াতদন্ত কার্যক্রম শুরু করে এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ রাত আনুমানিক আড়াইটার দিকে ফুলপুর থানার রামভদ্রপুর এলাকা থেকে অভিযুক্ত মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

অন্যদিকে, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর অপর আভিযানিক দল ৩১ মার্চ দিবাগত রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বুদ্ধি প্রতিবন্ধীকে (১৬) ধর্ষণ মামলার প্রধান এবং একমাত্র অভিযুক্ত মো. কলিম উদ্দিন ওরফে কলম উদ্দিনকে (৫৮) জেলার ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান অধিনায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত