বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযান, জব্দ খাদ্য গেল এতিমখানায়

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার প্রধানসড়কের মিয়ার বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাঁশখালীর প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী কয়েকটি কনফেকশনারি দোকান থেকে বিভিন্ন ধরনের বিস্কুট ও কেক জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা একাধিক ফল ব্যবসায়ীর স্তূপ করা ফলও জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব খাদ্যসামগ্রী স্থানীয় জামে মসজিদ ও মখজনুল উলূম মাদরাসার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা রোধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত