ইরানের প্রতিরোধ ফ্রন্ট আরও শক্তিশালী হয়েছে!

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পিএম

ইরানের প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি, বরং আরও শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দোল্লাহি এ মন্তব্য করেছেন। প্রতিরোধ জোটের পতনের মার্কিন দাবিকে সরাসরি নাকচ করে এ মন্তব্য করেন আলি আব্দোল্লাহি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। 

বুধবার দেওয়া এক বক্তব্যে আব্দোল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করেছিল ইসলামি প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়ছে বা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বাস্তবে তারা এই জোটের অভূতপূর্ব শক্তির মুখোমুখি হয়েছে। তিনি উল্লেখ করেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী-ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ে-সাহস, ঈমান ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। তার দাবি, এসব শক্তি প্রমাণ করেছে যে মার্কিন নেতৃত্ব ও ইসরায়েলি শাসনব্যবস্থা তাদের মোকাবেলা করতে অক্ষম এবং শেষ পর্যন্ত এই শক্তিশালী ফ্রন্টের সামনে নতি স্বীকার করা ছাড়া তাদের আর কোনো পথ নেই। মেজর জেনারেল আব্দোল্লাহি লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জিহাদি চেতনা, শক্তি ও অবিচল অবস্থানের প্রশংসা করেন এবং তাদের ধারাবাহিক বিজয় ও সাফল্যের জন্য দোয়া জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত