ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- পৌরশহরের কলেজপাড়ার মৃত মো. ফজলুর রহমানের পুত্র মো. শামসুজ্জামান (৩৯) এবং গরুর মালিক উপজেলার উত্তর ইউপির আনোয়ারপুর গ্রামের মৃত আ. রহিম মিয়ার পুত্র মো. ছালাম মিয়া (৬৫)। মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ।
আদালত সূত্রে জানা গেছে, অসুস্থ গরু এনে জবাই করে মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে প্রশাসনকে খবর দেয় এলাকার লোকজন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে ছালাম মিয়াকে ১০ হাজার টাকা ও শামসুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কফিলউদ্দিন মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
