রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার দায়ে নওহাটা ফায়ার সার্ভিস স্টেশনের ৫ কর্মীকে ঢাকা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মঞ্জিল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত মোট ৫ ফায়ার সার্ভিস কর্মী হলেন নওহাটা স্টেশনের লিডার রবিউল আলম, গাড়িচালক আজিজুর রহমান, ফায়ার ফাইটার জাকির হোসেন, ইয়াসির আরাফাত এবং আব্বাস আলী।
উপ-পরিচালক জানান, বৃহস্পতিবার তারা ঢাকায় সংযুক্ত হয়েছেন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, জড়িতরা তাদের ব্যক্তিগত জ্বালানির প্রয়োজন মেটাতে তেল নিতে গিয়েছিলেন। ফলে স্টেশনের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নেওয়ার চেষ্টা দণ্ডনীয় অপরাধ।
এর আগে বুধবার দুপুরে রাজশাহীর নওহাটা এলাকায় হাবিব ফিলিং স্টেশনে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল নিতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী ধরা পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের কর্মকর্তা রবিউল আলমসহ আরও চারজন তাদের সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে যান। এ সময় রবিউল আলম একটি চাহিদাপত্রও ফিলিং স্টেশনে দেন। তারা ২০০ লিটার পেট্রল এবং ১০০ লিটার অকটেন নেন।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে পুলিশ স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলে জানতে পারেন অফিসের চাহিদায় কোনও তেল নেওয়া হচ্ছে না। পরে তাদের দেওয়া তেল ফেরত নেওয়া হয়।
