ভূরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট শিপন গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩৬ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে পরিচালিত বিশেষ অভিযানে কথিত অনলাইন ক্যাসিনো ডিলার ও মাদক কারবারি শিপন রহমানকে (৩৩) ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিপন রহমান (৩৩), শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও শাকিল আহম্মেদ (১৬)। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দেওয়ানের খামারের বিস্তীর্ণ ধানক্ষেত ও সুপারিবাগানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইয়াবা সেবন ও কেনাবেচা করে আসছিল। চারদিকে খোলা মাঠ থাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা প্রায়ই পালিয়ে যেত। এ কারণে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে কৌশলী অভিযান চালানো হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন প্রথমে তিনজনকে ইয়াবা সেবনের সময় আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৬০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শিপন রহমান দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিল। বিশেষ অভিযানে তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মাদক ও অনলাইন জুয়া, ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত