হাসিনার মৃত্যুদন্ড বাতিলে চিঠির আইনগত সুযোগ নেই

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ এএম

গণঅভ্যুত্থান দমনে হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ (এখন কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, যদি এমন চিঠি পাঠিয়ে থাকে তাহলে তা আদালত অবমাননাকর। আর এ রকম চিঠি দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।

গত বুধবার জানা যায়, গত ৩০ মার্চ যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ল ফার্ম ‘কিংসলি ন্যাপলি’ শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে একটি চিঠি পাঠায়। যেখানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে ‘অযৌক্তিক’ ‘অন্যায্য’ ও ‘অবৈধ’ বলে উল্লেখ করা হয়। এতে শেখ হাসিনার সাজা বাতিল চেয়ে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেভাবে তার (শেখ হাসিনা) অনুপস্থিতিতে বিচার এবং তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে, তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদন্ড লঙ্ঘন হয়েছে।’ 

গতকাল চিফ প্রসিকিউটরের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,  আমাদের কাছে এ রকম কোনো চিঠি আসেনি। গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে, এরকম একটা চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে যখন অনেক শক্তিশালী মানুষের বিচার চলছে, তখন এরকম কিংসলে ফিংসলে নাম দিয়ে আমাদের সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয়, এটা ভিত্তিহীন বিষয়।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত