ঢাকা-সিলেট রেল লাইনে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১৯ ঘণ্টা পর পুনঃস্থাপিত হয়েছে রেল যোগাযোগ। গতকাল বৃহস্পতিবার নোয়াপাড়া স্টেশন মাস্টার মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেলা সোয়া ৩টায় মেরামত ও উদ্ধারকাজ শেষ হয়েছে।’
ঢাকা বিভাগীয় ম্যানেজার এবিএম কামরুজ্জামান জানিয়েছেন, সিলেটের বিভিন্ন ডিপোতে পরিবহনের জন্য প্রতিটি ওয়াগনে ৪০ হাজার লিটার তেল ছিল। এদিকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ৯৫১নং ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমের সময় এর ছয়টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে ঘটনার পরপরই রাত আড়াটায় এসে পৌঁছায় উদ্ধারকারী ট্রেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
