ঘোড়া জবাই করে মাংস ঢাকায় পাচারের চেষ্টা, আটক ৩

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

দিনাজপুরে নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ঘটনাস্থল থেকে ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হবে বলে জানানো হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার গাজীপুর সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান তাদের এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ, রুবেল, রবিউল। তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৬টি ঘোড়া জবাই করা মাংস জব্দ করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত