গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পেট্রোল পাম্প থেকে কম দামে ডিজেল কিনে বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৩এপ্রিল) দুপুরে উপজেলার বালাডাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সোহাগ শেখ নামের ওই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
জানা যায়, পাটগাতী বাজার থেকে প্রায় ২০০ লিটার ডিজেল সংগ্রহ করে ভ্যানে করে কোটালীপাড়ার দিকে যাচ্ছিলেন দুই যুবক। এ সময় বালাডাঙ্গা ব্রিজ এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা (এনএসআই) তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা প্রতি লিটার ডিজেল ১৫০ টাকায় কেনার কথা স্বীকার করেন। পরে এনএসআই বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভ্যানসহ উপজেলা কার্যালয়ে তলব করা হয়।
সেখানে সোহাগ শেখ জানান, পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে প্রতি লিটার ১০০ টাকায় মোট ২০০ লিটার ডিজেল সংগ্রহ করে তা ১৫০ টাকায় বিক্রি করেন। এ ঘটনায় তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়।
