পাকিস্তান সুপার লিগে শুক্রবার বাংলাদেশের দুই ক্রিকেটারের দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ওপেনার পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিং আর মোস্তাফিজুর রহমানের কার্যকরী বোলিংয়ে মুলতান সুলতানসকে ২০ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স।
ম্যাচের শুরুতেই বাগড়া দেয় বৃষ্টি। ফলে নির্ধারিত ২০ ওভারের খেলা নেমে আসে মাত্র ১৩ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে লাহোর কালান্দার্স নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়।
আগের ম্যাচগুলোতে বড় ইনিংস খেলতে না পারলেও এদিন খোলস ছেড়ে বের হন পারভেজ হোসেন ইমন। ইনিংসের শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও দ্রুতই চড়াও হন বোলারদের ওপর। ১৯ বলে ৪৫ রানের ইনিংসে ৫টি ছক্কা ও ২টি চার হাকান তিনি।
বিশেষ করে স্পিনার মোহাম্মদ নেওয়াজ ও ফয়সাল আকরামের ওপর তান্ডব চালিয়ে তিনি লাহোরকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। মাত্র ৫ রানের জন্য ফিফটি মিস করলেও তার স্ট্রাইক রেট ছিল নজরকাড়া।
১৮৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রানে থামে মুলতান সুলতানস। রান তাড়ায় মুলতানকে চাপে রাখার মূল কাজটি করেন 'কাটার মাস্টার' মোস্তাফিজুর রহমান।
৩ ওভার বল করে ৩৭ রান দিয়ে শিকার করেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ফিরিয়ে দেন বিপজ্জনক ওপেনার সাহিবজাদা ফারহান এবং মুলতানের হয়ে সর্বোচ্চ লড়াই করা শান মাসুদকে (৪৪ রান)।
