প্রতিটি গণমাধ্যমকে সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানোর আগে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনতে পারব।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি সেটা মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এই শর্তটাকে আমরা জুড়ে দেব গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য। আমি বিশ্বাস করি, সৎ সাংবাদিকরা আমাদের এই ভূমিকাকে সমর্থন করবেন।

তিনি আরও বলেন, স্বাধীনতাকে আমি যদি একটা দায়িত্বের সীমানার মধ্যে না আটকায় তাহলে স্বাধীনতার নামে একটা নৈরাজ্য তৈরি হবে। অপতথ্য ও বিকৃত তথ্যের মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই তাছাড়া নানান রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তথ্যের অবাধ প্রবাহ এবং অপতথ্য রোধে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি।

তিনি আরও বলেন, সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গণমাধ্যম জগতে আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন-কানুন ও কাঠামো তৈরি করা হয়নি। এক্ষেত্রে মন্ত্রণালয়কে আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও এই ডিজিটাল পরিবর্তনের বিষয়ে পূর্ণ অবগত আছেন। খুব দ্রুতই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সময়ের সঙ্গে সংগতিপূর্ণ এবং যুগোপযোগী পরিবর্তন আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নজমুল বারী নাহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদসহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত