বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে তারা দায়িত্ব পালন শুরু করছে এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থান করবে।

শুক্রবার (৩ এপ্রিল) থেকে তারা সক্রিয়ভাবে টহল ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে। বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ২ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময় এই তিন পর্যায়েই বিজিবি সদস্যরা টহলসহ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হলেও পরে তিনি আসনটি ছেড়ে দিলে এটি শূন্য ঘোষণা করা হয়। এরপর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত