বাউফলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  বাউফল উপজেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামান সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুল কালাম আজাদ, বাউফল উপজেলা জমিয়তে হিজবুল্লাহর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. শাহজাহান, আয়েম্মা হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহেল মাহমুদ মফিজ, যুব হিজবুল্লাহর সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী, ছাত্র হিজবুল্লাহ মিশর শাখার সভাপতি সৈয়দ আতিক নাসরুল্লাহ আল আযহারী এবং ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় বার্তা সম্পাদক মাওলানা মুফতি আবু সালেহ মো. আব্দুল হাই বক্তব্য দেন।

এছাড়া বাউফল উপজেলা ছাত্র  হিজবুল্লাহর সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান আদনান ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তরিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, কর্মময় জীবন ও মহান আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং তাঁর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত