বৈশাখের গানে আঁখি আলমগীর

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ এএম

ঈদ উৎসবের আমেজ শেষ হওয়ার পরপরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের দ্বারপ্রান্তে। উৎসব ঘিরে এরই মধ্যে সাধারণ মানুষের মতো বিনোদন অঙ্গনেও থাকছে নানা আয়োজন। এরই মধ্যে বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে নতুন নতুন গান প্রকাশ। তারই ধারাবাহিকতায় আজ প্রকাশ পাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা আঁখি আলমগীরের নতুন একটি মৌলিক গান। ‘আমি মানে তুমি’ শিরোনামের গানটি লিখেছেন প্লাবন কোরেশি, সুর করেছেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে আঁখি আলমগীরের সহশিল্পী হিসেবে রয়েছেন বেলাল খান।

এ ছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দীর্ঘ ২৪ বছর পর ফের আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন এই কণ্ঠশিল্পী। ১২ এপ্রিল জাপানের সাইতামা প্রিফেকচারের মিসাতো সিটির লিতপিয়া পার্কে অনুষ্ঠিত হবে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘বৈশাখী মেলা ২০২৬’। আর এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে গানে গানে মঞ্চ মাতাবেন আঁখি। শিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এখানে আঁখি আলমগীরের সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন বাপ্পী, শাকিব, উজ্জ্বল ও রানা। মূলত জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ বৃদ্ধি করাই এই মেলার মূল উদ্দেশ্য। দীর্ঘদিন পর জাপানে স্টেজ শো করা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আঁখি আলমগীর।

নতুন গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, আর বেলালের সঙ্গে এবারই প্রথম পহেলা বৈশাখ উপলক্ষে নতুন একটি গান প্রকাশ পেতে যাচ্ছে আগামীকাল। রিদমিক একটি গান, খুব সুন্দর গানটি। চন্দন বেশ যত্ন করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আশা করছি ভালো লাগবে সবার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত