নড়াইলের কালিয়ার চাঁচুড়ি বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ইট ভাঙার ট্রলির চালক মুত্তাকাব্বির সর্দার (১৮) নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুড়ি বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুত্তাকাব্বির সর্দার উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর ১২টার দিকে চাচুড়ি বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। ওই সময় মুত্তাকাব্বির তার সহকারীকে সঙ্গে নিয়ে বারইপাড়ার দিক থেকে কাজ শেষ করে ট্রলি চালিয়ে ফিরছিলেন। চাঁচুড়ি বাজার সংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল করে। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে চালক মুত্তাকাব্বিরের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রলিতে থাকা তার সহকারী প্রাণে রক্ষা পান।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুরাদনগরে আ.লীগের ৬ সদস্য গ্রেপ্তার