‎একদিনেই ৪ পরিচালকের পদত্যাগ: গভীর সংকটে বুলবুলের কমিটি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ এএম

অস্থিরতার চরম সীমায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস পার হওয়ার আগেই ভাঙনের সুর বাজতে শুরু করেছে। শনিবার বিসিবির এক ম্যারাথন সভা শেষে নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন চারজন প্রভাবশালী পরিচালক।

‎শনিবার ৯ ঘণ্টার দীর্ঘ বোর্ড সভা শেষে প্রথমে পদত্যাগের ঘোষণা দেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। এর কিছু পরেই ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত আরও তিন পরিচালক—শানিয়ান তানিম (ফ্যাসিলিটিজ বিভাগ), মেহরাব আলম চৌধুরী (সিকিউরিটি কমিটি) এবং মঞ্জুর আলম (মেডিকেল বিভাগ) তাদের পদত্যাগপত্র জমা দেন।
‎বিসিবি সূত্র জানায়, সভা চলাকালীনই অভ্যন্তরীণ নানা বিষয়ে পরিচালকদের মধ্যে মতভেদ দেখা দেয়। শানিয়ান তানিম তার পদত্যাগের কারণ হিসেবে 'অজ্ঞাত' উল্লেখ করায় ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে রহস্য।


‎বিসিবির মোট ২৫ জন পরিচালকের মধ্যে গত কয়েক মাসে মোট ৭ জন পদত্যাগ করলেন। এর আগে ইশতিয়াক সাদেক, আমজাদ হোসেন এবং এনএসসি মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। অর্থাৎ, পর্ষদের প্রায় এক-তৃতীয়াংশ পদ এখন শূন্য। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো এই পদত্যাগপত্রগুলো গ্রহণ করার ঘোষণা দেয়নি।

‎নেপথ্যে এনএসসির তদন্ত কমিটি

‎গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে অনিয়ম ও কারসাজির অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগের ভিত্তিতে গত ১১ মার্চ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। আগামী দু-এক দিনের মধ্যেই সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, তদন্ত প্রতিবেদনে নেতিবাচক কিছু আসার আশঙ্কায় পরিচালকরা আগেভাগেই নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাইছেন।


‎বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যক্তিগতভাবে বিভিন্ন আন্তর্জাতিক সভায় ব্যস্ত থাকলেও ঘরের মাঠের এই সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছেন। একের পর এক পরিচালকের বিদায় বর্তমান বোর্ডের টিকে থাকাকেই বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বিসিবিতে বড় কোনো প্রশাসনিক পরিবর্তন বা অ্যাডহক কমিটি আসা এখন কেবল সময়ের ব্যাপার।

গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। দুয়েকদিনের মধ্যেই তাদের সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর মধ্যেই একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত