২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে নাঙ্গলকোট উপজেলায় ১৬ হাজার কৃষক-কৃষাণীর মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি দলীয় সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা উক্তার বিথীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাহার, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সায়েম আজাদসহ দলীয় নেতাকর্মীরা।
উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি বছরের খরিপ-১ মৌসুমে উফশী ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পে উৎপাদিত সবজি, ফল এবং মসলা জাতীয় পণ্য যেমন পেঁয়াজ, রসুন ও ক্যাপসিকাম সংসদ সদস্যকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাছান।
পরে একইদিন সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে নাঙ্গলকোট, লালমাই উপজেলা এবং নাঙ্গলকোট পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক নেতাদের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
হাওরের জলাবদ্ধতা নিরসন ও বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদ